খেলা

বিপিএলে দুর্নীতির দায়ে ক্রিকেটারসহ চারজন সাময়িকভাবে নিষিদ্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ই মে ২০২৬, ১৯:০৯

বিপিএলে দুর্নীতির দায়ে ক্রিকেটারসহ চারজন সাময়িকভাবে নিষিদ্ধ



বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে (২০২৫-২৬) দুর্নীতির অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি ইন্টেগ্রিটি ইউনিটের তদন্তে জুয়া, দুর্নীতিমূলক আচরণ এবং তদন্তে বাধা দেওয়ার প্রমাণ পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অমিত মজুমদার ছাড়াও নিষিদ্ধ হওয়া বাকি তিনজন হলেন— চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, সিলেট টাইটান্সের ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক এবং নোয়াখালী এক্সপ্রেসের সহ-সত্ত্বাধিকারী তৌহিদুল হক তৌহিদ। অভিযুক্ত সবাইকে আগামী ১৪ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

৩৫ বছর বয়সী অমিত মজুমদার ২০০৮ ও ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নিয়মিত মুখ ছিলেন। ঘরোয়া ক্রিকেটে প্রায় শতাধিক লিস্ট ‘এ’ ম্যাচ খেললেও বিপিএলে কখনও মাঠে নামার সুযোগ পাননি তিনি। বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলছিলেন তিনি। এমনকি আজ নিষিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগেও তিনি গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ খেলেছেন।

বিপিএলের মতো বড় আসরে ফ্র্যাঞ্চাইজি মালিক ও ম্যানেজারদের এমন সম্পৃক্ততা দেশের ক্রিকেটে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। দুর্নীতিবিরোধী এই তদন্ত ও নিষেধাজ্ঞার মাধ্যমে বিসিবি টুর্নামেন্টের স্বচ্ছতা বজায় রাখার কঠোর বার্তা দিল।

সব খবর