সারাদেশ

সরকারি বরাদ্দের সাইকেল নাতনিকে উপহার দিয়ে সমালোচনার মুখে ফেরত দিলেন জামায়াত নেতা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২রা জুলাই ২০২৬, ১৯:২৫

সরকারি বরাদ্দের সাইকেল নাতনিকে উপহার দিয়ে সমালোচনার মুখে ফেরত দিলেন জামায়াত নেতা




ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি বরাদ্দের বাইসাইকেল হতদরিদ্রের নামে তুলে নিজের নাতনিকে উপহার দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামের বিরুদ্ধে। গতকাল বুধবার সকালে এই ঘটনা জানাজানির পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে দুপুরে সাইকেলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ফেরত দেওয়া হয়।


খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০২৫-২৬ অর্থবছরে কোটচাঁদপুর উপজেলায় হতদরিদ্রদের মধ্যে বাইসাইকেল, ছাগল, সেলাই মেশিনসহ বিভিন্ন সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। গতকাল উপজেলা পরিষদে ইউএনওর উপস্থিতিতে ২৪টি সাইকেল বিতরণ করা হয়। এর মধ্যে একটি সাইকেল এক মাদ্রাসাছাত্রের নামে বরাদ্দ দেখিয়ে নিজে স্বাক্ষর করে তুলে নেন জামায়াত নেতা তাজুল ইসলাম। পরে তিনি সেটি নিজের নাতনি মারিয়াকে উপহার দেন।


সাইকেলটি গ্রহণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও নেটিজেনদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। বিতর্কের মুখে ঝিনাইদহ-৩ আসনের জামায়াত-দলীয় সংসদ সদস্য মতিয়ার রহমানের হস্তক্ষেপে দুপুরের মধ্যেই সাইকেলটি ইউএনও কার্যালয়ে ফেরত দেওয়া হয়। এরপর প্রশাসন সাইকেলটি সুমাইয়া খাতুন নামের একজন প্রকৃত উপকারভোগীর হাতে তুলে দেয়।


এ বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা তাজুল ইসলাম জানান, তাঁর ছেলে বেকার এবং আর্থিক সংকটে থাকায় তিনি সাইকেলটি নাতনিকে দিয়েছিলেন। তবে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হওয়ায় তিনি সেটি ফেরত দিয়েছেন।


কোটচাঁদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাইকেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ ওঠার পর স্থানীয় সংসদ সদস্যের পরামর্শে তা ফেরত আনা হয়েছে এবং প্রকৃত এক দরিদ্র শিক্ষার্থীর মাঝে পুনরায় বিতরণ করা হয়েছে। সরকারি সম্পদ বণ্টনে এমন অনিয়ম এড়াতে প্রশাসন ভবিষ্যতে আরও সতর্ক থাকবে বলে জানা গেছে।

সব খবর