জাতীয়

ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪শে নভেম্বর ২০২৬, ১৮:৪৬

ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

আসন্ন নির্দলীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। তালিকায় ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তারা যুক্ত হবেন।

সবশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।

এদিকে ইউপি নির্বাচন সামনে রেখে পাঁচ ধাপের ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার তথ্য মাঠ কর্মকর্তাদের কাছে চেয়েছে ইসি। নির্বাচনী সামগ্রী বিতরণের পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আজ বুধবারের মধ্যে জেলাভিত্তিক এসব তথ্য পাঠাতে বলেছে সংস্থাটি।

আজ মঙ্গলবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি সামগ্রী বিতরণের পরিকল্পনা প্রণয়নের জন্য ৫টি ধাপের জেলাভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার তথ্য প্রয়োজন। ওই তথ্য সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসার থেকে সংগ্রহপূর্বক আগামী ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে হবে। ইসির ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে ১০৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১০৬৯টি, তৃতীয় ধাপে ১০২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।


সব খবর