নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪শে নভেম্বর ২০২৬, ১৮:৩৮
‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লিখে ফেসবুকে পোস্ট দেওয়ায় একুশে টিভির সাংবাদিক সুমাইয়া খাঁনকে
চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব
শেখ জামাল বলেন, জয় বাংলা হলো মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্লোগান। এটি ছিল বাঙালি জাতির মুক্তির
সংগ্রামের প্রেরণার উৎস। বর্তমান প্রজন্মের একজন তরুণ সাংবাদিক হিসেবে সুমাইয়া খাঁন এই স্লোগানকে
ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া এটি তার বাক-স্বাধীনতা। এ কারণে তাকে চাকরিচ্যুত করা
একদিকে যেমন বাক-স্বাধীনতার উপর চরম আঘাত তেমনি সাংবাদিকের স্বাধীনতার উপরও নগ্ন হস্তক্ষেপ।
অবিলম্বে তাকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান ফ্রন্টের নেতারা।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর সকালে সুমাইয়া খান সোশ্যাল মিডিয়া ফেসবুকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লিখে
একটি পোস্ট দিয়েছিলেন। গত ২৩ নভেম্বর বিকেলে তাকে চাকরিচ্যুত করা হয়।
চাকরিচ্যুতির চিঠি পাওয়ার পর সুমাইয়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি দীর্ঘ বক্তব্য প্রকাশ করেন। সেখানে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলার কারণে একুশে টেলিভিশন তাকে ২৩ নভেম্বর চিঠি দিয়েছে বলে উল্লেখ করেন। একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত জীবনে নিরপেক্ষতা বজায় রাখার কথাও তুলে ধরেন তিনি। তবে সুমাইয়া খানের চাকরিচ্যুতির বিষয়ে একুশে টেলিভিশন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এর আগে ২০২৬ সালের ৫ আগস্ট দৈনিক কালবেলার ফেসবুক পেইজে ‘জয় বাংলা’ লেখার কারণে চাকরিচ্যুত করা হয় সাংবাদিক বেলাল হোসেনকে।