নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮শে জুলাই ২০২৬, ১৯:১৯
সাতক্ষীরা-৪ সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতের দেওয়া চিঠির বিষয়ে স্পিকার রেফার করলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের এ কথা বলেন।
সম্প্রতি এক নারীর সঙ্গে গাজী নজরুলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর দলটি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও স্পিকারের কাছে চিঠি দেয়। আইন অনুযায়ী, সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন, ১৯৮০ অনুসারে কোনো বিরোধ স্পিকারের মাধ্যমে নির্বাচন কমিশনে উত্থাপিত হলে তা শুনানি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সংস্থাটি।
গতকাল রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে গাজী নজরুলের বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। আজ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে। সাতক্ষীরা-৪ আসনের বিষয়টি তারা আমাদের কাছে রেফার করলে তখন দেখা যাবে।