নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ই আগস্ট ২০২৬, ২১:২১
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন আটক হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সালমানের মা নীলা চৌধুরী। যুক্তরাজ্য থেকে ফোনে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, প্রকাশ্যে ঘুরে বেড়ানো সত্ত্বেও এতদিন কেন ডনকে গ্রেপ্তার করা হয়নি এবং তাঁর এই দুসাহসের নেপথ্যে কার প্রশ্রয় রয়েছে?
গতকাল রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ডনকে আটক করা হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নীলা চৌধুরী বলেন, ডন প্রকাশ্যে ঘুরে বেড়াত, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিল এবং এমনকি তাকে হুমকিও দিয়েছিল। তিনি প্রশ্ন করেন, “কোনো বড় ব্যাকআপ বা প্রভাবশালীদের সমর্থন না থাকলে একজন আসামি কীভাবে এত বড় কথা বলে? ডিপজলকে কেন বলে দিতে হবে ডন বিমানবন্দর দিয়ে বিদেশে চলে যাচ্ছে? কারা তাকে দেশত্যাগে সাহায্য করছিল, তাদেরও সামনে আনা দরকার।”
ডনকে দ্রুত রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়ে নীলা চৌধুরী বলেন, তাকে কোনোভাবেই যেন জামিন দেওয়া না হয়। রিমান্ডে নিলেই এই হত্যার পেছনের অনেক অজানা তথ্য এবং মদদদাতাদের পরিচয় বেরিয়ে আসবে।
ডন দীর্ঘদিন ধরে নিজেকে সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু দাবি করে এলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন তাঁর মা। নীলা চৌধুরী জানান, সালমান কেবল দয়ার বশে ডনকে নিজেদের বাসায় আশ্রয় দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তার অসৎ উদ্দেশ্য স্পষ্ট হওয়ায় তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। সালমানের জামাকাপড় পরা ও টাকা নেওয়ার কথা স্মরণ করে তিনি ডনকে একজন ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় চিত্রনায়ক সালমান শাহর। দীর্ঘ ২৯ বছর পর গত বছরের অক্টোবরে সালমানের মামা আলমগীর কুমকুম রমনা থানায় পুনরায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন এবং ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে আসামি করা হয়।
মামলার এত বছর পরও প্রধান আসামিরা অধরা থাকায় গভীর হতাশা প্রকাশ করেন নীলা চৌধুরী। তিনি ক্ষোভের সাথে বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং অধরাই থেকে যাচ্ছে। সামিরাসহ মামলার বাকি সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান এই শোকাহত মা।