রুমা রহমান
প্রকাশ: ২২শে সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৫
এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। সম্প্রতি এক ফ্যাশন শোতে তাকে দেখে অনেকেই অবাক হয়েছেন।
কারণ তিনি এবার হাজির হয়েছেন ওজন কমিয়ে। তবে এই পরিবর্তনের নেপথ্যে শুধু নিজেকে নতুনভাবে উপস্থাপনের ইচ্ছা নয়, রয়েছে স্বাস্থ্যগত কারণও।
জানা গেছেসাত মাসে ১৫ কেজি ওজন কমিয়ে বর্তমানে ৫৫ কেজিতে রয়েছেন তিনি।
প্রায় আট মাস আগে চিকিৎসকের কাছে গিয়ে শখ জানতে পারেন, তিনি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন।
এরপর চিকিৎসকের পরামর্শ মেনে খাবারে নিয়ন্ত্রণ আনার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা শুরু করেন। এর ফলেই ধীরে ধীরে কমতে থাকে তার ওজন।
মা হওয়ার পর শখের ওজন প্রায় ৮০ কেজিতে পৌঁছেছিল। সন্তান জন্মের পর তা ৭০ কেজিতে নামলেও এরপর আর ওজন কমছিল না। এর আগে কয়েকবার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও শরীরচর্চা শুরু করলেও নিয়ম ধরে রাখতে পারেননি তিনি।
এবার অবশ্য স্বাস্থ্যগত কারণেই জীবনযাপনে কঠোর হয়েছেন শখ। প্রিয় খাবার গরুর মাংসও কমিয়ে দিয়েছেন। তিনি জানান, এবারের কোরবানির ঈদে মাত্র দুই টুকরা গরুর মাংস খেয়েছেন। বর্তমানে তার খাবারের তালিকায় বেশি থাকছে সবজি, মুরগি ও ডিম। বাদ দিয়েছেন আলুও। পাশাপাশি বাড়িতে রান্না করা খাবার খাওয়ার চেষ্টা করছেন এবং নিয়মিত শরীরচর্চা করছেন।
এদিকে দীর্ঘদিন পর্দার বাইরে থাকার পর আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। বিয়ে, সংসার ও সন্তানের কারণে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এরই মধ্যে কয়েকজন চলচ্চিত্র পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেছেন। ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় নিয়মিত কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।
ফলে ওজন কমানোর পাশাপাশি নতুন করে অভিনয়ে ফেরার প্রস্তুতিও চলছে শখের। দীর্ঘ বিরতির পর পর্দায় তাকে নতুন রূপে দেখার অপেক্ষায় তার ভক্তরা।