নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ই মে ২০২৬, ১৯:১৭
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের ক্ষুদ্র ও বড় ব্যবসায়ীদের জন্য সুখবর দিয়েছে সরকার। আগামী ১২ মে থেকে ঈদের দিন পর্যন্ত দোকানপাট ও সব ধরনের বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। বর্তমানের নির্ধারিত সময় সন্ধ্যা ৭টার পরিবর্তে এই বর্ধিত সময় কার্যকর হবে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের কেনাকাটার সুবিধার্থে দোকান মালিক সমিতির পক্ষ থেকে গত ৪ মে সরকারের কাছে রাত ১১টা পর্যন্ত বাজার খোলা রাখার আবেদন জানানো হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার রাত ১০টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে।
হেলাল উদ্দিন বলেন, “ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষের সুবিধার কথা চিন্তা করে আমরা সময় বাড়ানোর আবেদন করেছিলাম। সরকার আমাদের দাবি আমলে নিয়ে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে। তবে বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে এই অতিরিক্ত সময়ে কোনো ধরনের আলোকসজ্জা না করার জন্য ব্যবসায়ীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয়ে গত ৩ এপ্রিল থেকে প্রথমে সন্ধ্যা ৬টা এবং পরবর্তীতে ব্যবসায়ীদের অনুরোধে ৫ এপ্রিল থেকে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা জারি করেছিল সরকার। ঈদকে সামনে রেখে সেই কড়াকড়ি ১২ মে থেকে শিথিল করা হচ্ছে।
ব্যবসায়ীরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, সময় বাড়ার ফলে ঈদের বাজারে ক্রেতাদের ভিড় ব্যবস্থাপনা সহজ হবে এবং শেষ মুহূর্তের কেনাকাটায় গতি আসবে। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, বাড়তি সময়ে যেন বিদ্যুতের অপচয় না হয় সেদিকে কঠোর নজরদারি রাখা হবে। ঈদের ছুটি শেষে পুনরায় আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী দোকানপাট বন্ধ করতে হবে।