নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ই মে ২০২৬, ২০:৪৬
প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র দুদিন আগে থমকে গেল চিত্রনায়িকা মৌসুমী অভিনীত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। চুক্তির শর্ত ভঙ্গ এবং অভিনয়শিল্পীদের আপত্তির মুখে সিনেমাটির সেন্সর ছাড়পত্র স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। তিনি জানান, সিনেমাটির অন্যতম অভিনয়শিল্পী জেবা জান্নাতের লিখিত অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুই বছর আগে নির্মিত এই সিনেমাটি চলতি বছরের মার্চ মাসে সেন্সর সনদ পেয়েছিল এবং আগামী শুক্রবার মুক্তির তারিখ নির্ধারিত ছিল। কিন্তু শেষ মুহূর্তে অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ করেন, তাকে নাটক হিসেবে নির্মাণের কথা বলে চুক্তিবদ্ধ করা হলেও নির্মাতা হাসান জাহাঙ্গীর তাকে না জানিয়েই এটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তির উদ্যোগ নিয়েছেন।
শুধু জেবা জান্নাতই নন, শুরু থেকেই এই সিনেমাটি নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন অভিনেত্রী মৌসুমী ও তার স্বামী অভিনেতা ওমর সানি। মৌসুমীর ভাষ্যমতে, এটি মূলত প্রবাসে এক নারীর সংগ্রামের গল্প নিয়ে নির্মিত একটি এক ঘণ্টার নাটক বা টেলিফিল্ম ছিল।
মৌসুমী জানান, নির্মাতা তাকে অনুরোধ করেছিলেন টেলিফিল্ম হিসেবে এটি নির্মাণের জন্য, যাতে তার খরচ উঠে আসে। অভিনেত্রী সেই অনুরোধে সম্মতি দিলেও সিনেমা হিসেবে মুক্তির বিষয়টি নিয়ে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন। মৌসুমী বলেন, “আমি শুধুমাত্র নাটক বা টেলিফিল্ম হিসেবে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। আমাকে না জানিয়ে এটিকে সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রতারণার শামিল।”
এদিকে, মুক্তির দোরগোড়ায় এসে সেন্সর সনদ স্থগিত হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে সিনেমাটির ভবিষ্যৎ। সিনেমাটিতে পরিচালনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর। অভিযোগের বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, অভিনয়শিল্পীদের সম্মতির তোয়াক্কা না করে নাটককে সিনেমা হিসেবে রূপ দেওয়ার প্রবণতা শিল্পী ও নির্মাতাদের মধ্যে আস্থার সংকট তৈরি করছে। সেন্সর বোর্ডের এই পদক্ষেপ চুক্তির শর্ত মেনে শিল্পকর্ম নির্মাণের বিষয়টি নতুন করে সামনে নিয়ে এল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিনেমাটির সব ধরণের প্রদর্শন ও মুক্তি স্থগিত থাকবে।