নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯শে মে ২০২৬, ১৮:৩১
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবদাস’ সিনেমা বলিউডে মুক্তির পর ব্যাপক আলোচনা তৈরি হয়। সিনেমাটির জনপ্রিয় গান ‘ডোলা রে ডোলা’ আজও দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত।
গানটিতে মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাইকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল, যা সেসময় দর্শক মনে ঝড় তুলেছিল।
তবে অনেকেই জানেন না, এই গানের শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন মাধুরী দীক্ষিত। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন প্রয়াত নৃত্য পরিচালক সরোজ খানের সহকারী রুবিনা খান।
তার কথায়, সিনেমাটির কাজ শুরুর সময় মাধুরী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এরপরও তিনি পুরো গানের শুটিংয়ে অংশ নেন। ‘ডোলা রে ডোলা’ গানের শুটিং শেষ করতে প্রায় ১৭ দিন সময় লাগে।
রুবিনা জানান, গানের একটি বিশেষ নাচের দৃশ্যে মাধুরীকে ঘুরে এসে মাটিতে বসতে হতো। সেই একটি দৃশ্য ঠিকভাবে ধারণ করতেই প্রায় ১৩ ঘণ্টা লেগে যায়।
তিনি বলেন, ‘সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত শুটিং চলত। অন্তঃসত্ত্বা থাকার কারণে মাধুরীর মাথা ঘুরত, শরীরও খারাপ লাগত। তারপরও তিনি কখনো নাচের স্টেপ বদলানোর কথা বলেননি।’
রুবিনার মতে, নিজের কাজের প্রতি ভীষণ দায়িত্বশীল ছিলেন মাধুরী। গুরু সরোজ খানের নির্দেশ মেনেই তিনি সব দৃশ্য শেষ করেছিলেন।
বলা দরকার, সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় মাধুরী ছাড়া আরো অভিনয় করেছিলেন শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই। সিনেমাটি সেসময় বক্স অফিসে বাজিমাত করে।