বিনোদন

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩রা জুন ২০২৬, ২০:১৮

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান!



জীবনের একষট্টি বছর বয়সে আবারো বিয়ে করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তার হবু স্ত্রী প্রেমিকা গৌরি স্প্র্যাট।



আগামী জুলাই মাসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।

ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গৌরি-আমির তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।



খুবই সাধারণ ও ঘরোয়াভাবে বিয়ের পর্বটি সম্পন্ন করবেন তারা। আমিরের বাড়িতে বিয়ে রেজিস্ট্রি করবেন।

এসময় দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন। খুবই শান্ত পরিবেশে কেবল কাগজে স্বাক্ষর এবং ছোট পরিসরে পারিবারিক সমাবেশ ঘটবে।

 

আমির খানের পরিবারের ঘনিষ্ঠ একজন ফিল্মফেয়ারকে বলেন, এক বছরের বেশি সময় ধরে পরিবার হিসেবে একসঙ্গে বসবাস করছেন আমির খান ও গৌরি স্প্র্যাট। তারা একসঙ্গে সুখী ও স্থিতিশীল একটি জীবন গড়ে তুলেছেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে সেই সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৫ জুলাই, আমির খানের নিজ বাসভবনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।


তবে আমির খান কিংবা গৌরি এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেননি। তবে গত বছরের মাঝামাঝি সময়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে আমির খান বলেছিলেন, বিয়ে বিষয়টা কিছু একটা। আমি বলতে চাচ্ছি, আমি হৃদয় থেকে তার সঙ্গে বিবাহিত। সুতরাং, আমরা এটিকে আনুষ্ঠানিকভাবে বিয়েতে রূপ দেব কি না, তা আমিই সিদ্ধান্ত নেব, যখন আমরা এগিয়ে যাব।


তবে তারও আগে গৌরিকে বিয়ের বিষয়ে আমির খান বলেছিলেন, আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি দুইবার বিয়ে করেছি। ষাট বছর বয়সে বিয়ে করাটা ঠিক হবে না। তারপরও দেখা যাক।


আমির খান ও গৌরি পূর্ব পরিচিত। ২৫ বছরের বেশি সময় ধরে পরস্পরকে চেনেন তারা। বেঙ্গালুরুর মেয়ে গৌরি আগে বিয়ে করেছিলেন। তার ৬ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। বর্তমানে আমিরের প্রোডাকশন হাউজে কাজ করছেন গৌরি।  


ব্যক্তিগত জীবনে আমির খান রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে তার দুটো সংসারই ভেঙে গেছে।