নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২রা জুলাই ২০২৬, ১৯:৩৬
দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের মতো প্রথম সারির অভিনেত্রীদের পেছনে ফেলে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হলেন আলিয়া ভাট। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর আসন্ন সিনেমা ‘আলফা’-তে অভিনয় করে এই রেকর্ড গড়েছেন তিনি।
জানা গেছে, স্পেশাল এজেন্টের চরিত্রে অভিনয়ের জন্য আলিয়া ভাট ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এর আগে এই ব্যানের গোয়েন্দা চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোন সিনেমা প্রতি ২০ কোটির কিছু বেশি এবং ক্যাটরিনা কাইফ প্রায় ১৫ কোটি রুপি নিতেন। মা হওয়ার পর দীপিকা এবং বেশ কিছু দিন ধরে ক্যাটরিনা সিনেমা থেকে দূরে থাকায় সবাইকে ছাড়িয়ে শীর্ষে চলে এলেন আলিয়া।
‘আলফা’ সিনেমায় আলিয়ার সঙ্গে স্পাই চরিত্রে জুটি বেঁধেছেন শর্বরী ওয়াগ। এই সিনেমার জন্য শর্বরী ও অনিল কাপুর প্রত্যেকে প্রায় ৬ কোটি রুপি করে পারিশ্রমিক পেয়েছেন। এছাড়া সিনেমাটিতে ববি দেওল ও হৃত্বিক রোশানের মতো তারকাদের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
তবে এই শক্তিশালী অ্যাকশন চরিত্রে আলিয়া কতটা মানানসই হবেন, তা নিয়ে দর্শকদের একাংশের মধ্যে প্রশ্ন ও সমালোচনা শুরু হয়েছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী শুক্রবার বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।