নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩শে সেপ্টেম্বর ২০২৬, ২০:৩০
গত ১৮ সেপ্টেম্বর মাঠে গড়িয়েছিল দেশের নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল। কিন্তু সূচি নিয়ে তৈরি হয়েছে একের পর এক জটিলতা। এরই মধ্যে চারবার ফিকশ্চারে পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার এক ধাক্কায় স্থগিত করা হলো ঘরোয়া ফুটবলের সব ম্যাচ।
নতুন সূচি অনুযায়ী, আসিয়ান কাপ শেষে আগামী ২ অক্টোবর থেকে আবার মাঠে গড়াবে দেশের ঘরোয়া ফুটবল।
তবে এর আগেই মাঠে গড়াবে স্থগিত হয়ে যাওয়া একটি ম্যাচ। আগামী ২৫ সেপ্টেম্বর ফেডারেশন কাপে মুখোমুখি হবে চট্টগ্রাম সিটি এএফসি ও আবাহনী লিমিটেড। এরপর আসিয়ান কাপের ব্যস্ততা শেষে ২ অক্টোবর থেকে শুরু হবে ঘরোয়া ফুটবলের বাকি ম্যাচগুলো।
মৌসুম শুরুর পর থেকেই অবশ্য সূচি নিয়ে একের পর এক পরিবর্তনের মুখে পড়ছে ঘরোয়া ফুটবল। গত ১৮ সেপ্টেম্বর মৌসুম শুরু হওয়ার পর মাত্র পাঁচ দিনের ব্যবধানে চারবার ফিকশ্চারে পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ বুধবার সকালে আবাহনী ও চট্টগ্রাম সিটির ম্যাচ স্থগিতের খবর আসে। এরপর আজ আবারও সব ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হলো।
এদিকে বাফুফে সরাসরি ঘরোয়া ফুটবলের ম্যাচগুলো পিছিয়ে দিলেও বিষয়টি নিয়ে লিগ কমিটির অনেক সদস্যই আগে থেকে অবগত ছিলেন না বলে জানা গেছে। এ নিয়ে কমিটির ভেতরে ক্ষোভও তৈরি হয়েছে।