নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ঠা মে ২০২৬, ২২:৪১
পশ্চিমবঙ্গের নির্বাচনে যেই দলই ক্ষমতায় আসুক পররাষ্ট্রনীতি একই থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসাসহ সব ভিসায় স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “ফরেন পলিসি ডু নট ওয়ার্ক দ্যাট ওয়ে (ফরেন পলিসি এভাবে কাজ করেনা)। একটি দেশে ফরেন পলিসি একটি দেশের স্বার্থসংশ্লিষ্ট হয়। আমাদের দেশের ফরেন পলিসি আমরা আগেই বহুবার বলেছি, আজকেও বলছি যে, প্রধানমন্ত্রীর যে ফরেন পলিসি— ‘বাংলাদেশ ফার্স্ট’ ফরেন পলিসিতে চলবো আমরা। সেটা অন্যান্য দেশে যেই সরকারই আসুক না কেন— আমাদের ফরেন পলিসি একই থাকবে।”
তিনি বলেন, “সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন, সেখানেও তারা (ভারত) ভিসার ব্যাপারে পজিটিভলি বলেছেন। আমরা আশা করবো যে টুরিস্ট ভিসাসহ সব ভিসাই স্বাভাবিক হবে এবং আমাদের দুই দেশের মধ্যে যাতায়াত আবার স্বাভাবিক হবে।”
প্রতিমন্ত্রী বলেন, “যেই সরকার ক্ষমতায় থাকুক না কেন— আমাদের সঙ্গে ওদের ইস্যুগুলা কিন্তু রয়েই যায়। সেগুলো আমাদের অবশ্যই ডিল করতে হবে। আমাদের দিক থেকে ওদের সঙ্গে পানি, পুশব্যাকসহ আরও অনেক ইস্যু আছে। এসব ইস্যুতে যেই সরকারে আসুক না কেন বা থাকুক না কেন— তাদের সঙ্গে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে।”
তিনি বলেন, “গঙ্গা চুক্তি নিয়ে অবশ্যই আমরা আশাবাদী। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়, অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা এগুলোর সঙ্গে জড়িত— ভারতের সঙ্গে আলোচনা হবে, আলোচনার ভিত্তিতেই আবার চুক্তি নবায়ন হবে।”