নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১লা জুলাই ২০২৬, ১৯:৫২
বিশ্বের প্রতিটি দেশের সঙ্গেই বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে 'অনন্য' বা 'ইউনিক' হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো একটি নির্দিষ্ট দেশের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার অর্থ অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া নয়।
বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগ এবং এ বিষয়ে চীনের মন্তব্য সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য—"বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে তৃতীয় পক্ষের মাথা ঘামানোর সুযোগ নেই"—এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের বক্তব্য হচ্ছে, আমাদের সব দেশের সাথে সম্পর্ক ‘ইউনিক’। চায়নার সাথে সম্পর্ক থাকবে, সকল দেশের সাথে সম্পর্ক থাকবে। আমরা এটা মনে করি না যে এক দেশের সাথে সম্পর্ক ভালো হলে আরেক দেশের সাথে সম্পর্ক খারাপ হবে।” তিনি আরও জোর দিয়ে বলেন, সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের নিজস্ব জাতীয় স্বার্থ হাসিল করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর দুই দেশের সম্পর্ককে এক নতুন ও 'উন্নততর' উচ্চতায় নিয়ে গেছে বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। এই সফরের সুবাদে বাংলাদেশে চীনা বিনিয়োগ ব্যাপক হারে বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। চীন সরকারের পক্ষ থেকে দেওয়া ‘টু প্লাস টু’ বৈঠক এবং অর্থনৈতিক করিডোরের প্রস্তাবগুলো নিয়ে সরকার বর্তমানে বিচার-বিশ্লেষণ করছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হলে এই প্রস্তাবগুলো বাস্তবায়নে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।
তিস্তা প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, তিস্তার সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) আগে যেখানে থমকে ছিল, সফর পরবর্তী সময়ে সেখান থেকেই আবার শুরু করা হবে। তিনি বলেন, “ফিজিবিলিটি স্টাডি এখনো সম্পূর্ণ হয়নি। এটি সম্পন্ন করার জন্য চীন আমাদের প্রয়োজনীয় কারিগরি বা টেকনিক্যাল সহায়তা দিতে চেয়েছে। শুধু তিস্তা নয়, দেশব্যাপী সামগ্রিক নদী ব্যবস্থাপনায়ও চীন সাপোর্ট দিতে আগ্রহ প্রকাশ করেছে।”
এদিকে, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, “নতুন কোনো আপডেট নেই, তবে বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। একজন সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পূর্ণ করা দেশের মানুষের দাবি। সেই লক্ষ্যেই কাজ চলছে।”