জাতীয়

৭ মার্চের ভাষণ বাজানোয় আটক ইমির কারামুক্তি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ই মে ২০২৬, ১৯:০২

৭ মার্চের ভাষণ বাজানোয় আটক ইমির কারামুক্তি

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় দীর্ঘ দুই মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারাগারের জেলার শিরিন আক্তার মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই করা হয়। ইমির বিরুদ্ধে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়। বেলা পৌনে তিনটার দিকে তিনি কারাফটক দিয়ে বেরিয়ে আসেন।

ঘটনার সূত্রপাত চলতি বছরের ৭ মার্চ। ওই দিন রাত সাড়ে নয়টার দিকে শাহবাগ থানার সামনে রিকশায় মাইক বেঁধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমি ও তাঁর কয়েকজন সঙ্গী। ভাষণ বাজানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতাকর্মী তাঁদের বাধা দেন। একপর্যায়ে বাগবিতণ্ডা শুরু হলে ইমি ও তাঁর সহযোগী আবদুল্লাহ আল মামুনকে টেনে-হিঁচড়ে শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, থানার ভেতরেই আবদুল্লাহ আল মামুনকে মারধর করা হয় এবং পুলিশ তাঁদের দীর্ঘ সময় আটকে রাখে।

পরদিন পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় ইমি, মামুন ও আসিফ আহমেদ সৈকতসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। প্রায় দুই মাস বন্দি থাকার পর গত ৩০ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ইমির জামিন মঞ্জুর করেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমির আবেদনের শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দিয়েছিলেন।

ইমির আইনজীবীরা জানান, শান্তিপূর্ণভাবে ভাষণ বাজানোর মতো একটি কর্মসূচিতে বাধা দেওয়া এবং পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের মতো গুরুতর ধারায় মামলা করা ছিল উদ্দেশ্যপ্রণোদিত। আজ কারামুক্তির সময় ইমির স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা কারাফটকে উপস্থিত ছিলেন। ইমির মুক্তিতে তাঁর অনুসারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

সব খবর