নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ই মে ২০২৬, ১৯:২৭
পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই নীতিগত সিদ্ধান্তের কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বর্তমানে নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব পালন করছে। আন্দোলনের পরবর্তী সময়ে পুলিশ বাহিনীকে পুনরায় সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, যা জনমনে আস্থার সঞ্চার করেছে। তিনি স্পষ্ট করেন যে, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে রাখা হবে না। এটি একটি সাময়ীয় ব্যবস্থা ছিল এবং এখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
সেনাবাহিনী প্রত্যাহারের প্রক্রিয়াটি হুট করে হবে না জানিয়ে মন্ত্রী বলেন, "কীভাবে এবং কোন প্রক্রিয়ায় এটি বাস্তবায়ন করা হবে, তা পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোর সমন্বিত আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।"
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ দাবি করেন, বর্তমানে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। কোথাও যৌথ অভিযান চলছে, আবার কোথাও পুলিশ এককভাবে অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে মাদক কারবারি, অস্ত্রধারী ও দাগি আসামিদের নিয়মিত গ্রেপ্তার করা হচ্ছে।
মন্ত্রী আরও জোর দিয়ে বলেন, "আইনের ঊর্ধ্বে কেউ নয়।" রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সঠিক তালিকার ভিত্তিতেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতির ধারাবাহিকতা বজায় রেখে দ্রুতই বেসামরিক প্রশাসন ও পুলিশ বাহিনীর ওপর পূর্ণ দায়িত্ব ন্যস্ত করার বিষয়ে সরকার আশাবাদী।