নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ই মে ২০২৬, ১৯:০৬
জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসতে যাচ্ছে আগামী ৭ জুন। ওই দিন বেলা ৩টায় সংসদের অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ৭ জুন রোববার বেলা তিনটা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬-২৭ অর্থবছরের বাজেট) অধিবেশন আহ্বান করেছেন।
সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ কত দিন চলবে, তা নির্ধারণ করা হবে।
গত ৩০ এপ্রিল শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে সাতটি কমিটি গঠন করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সদস্য। আওয়ামী লীগের সরকার পতনের আগে সবশেষ সংসদ অধিবেশন শেষ হয়ে ২০২৪ সালের ৩ জুলাই। সেটি ছিল বাজেট অধিবেশন, যেখানে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন ও পাস করা হয়। ৩০ জুন বাজেট বাজেট পাসের পর ৩ জুলাই ওই অধিবেশন শেষ হয়।