অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬শে অক্টোবর ২০২৬, ১৮:৩৭
অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় ৬০ জন। সোমবার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপিকে বাসাল বলেন, ইসরায়েলি বাহিনীর গুলি ও বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
তিনি জানান, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি শিবির লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে এক শিশুসহ তিনজন নিহত হন।
বাসাল বলেন, ‘আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েলি বিমান হামলার পর আমরা এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছি।’
অর্থসংকটে গাজায় এক-তৃতীয়াংশ খাদ্য সহায়তা কমাল জাতিসংঘ
বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, খান ইউনিস শহরের কাছেই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়ের জন্য ব্যবহৃত আরেকটি তাঁবুতে হামলায় আরও একজন নিহত হয়েছেন।
এদিকে গাজা সিটির আল-রিমাল এলাকায় তৃতীয় একটি বিমান হামলায় একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল।
গাজায় চলমান হামলায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরও আক্রান্ত হওয়ায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।